ধর্ম ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
মানুষের জীবন নানা সমস্যা ও সংকটে জর্জরিত। ব্যক্তিগত জীবনে হোক বা সামাজিক পরিমণ্ডলে কোনো না কোনো বিপদ আসতেই পারে। ইসলাম এমনই এক জীবনব্যবস্থা, যা প্রতিটি সংকটে আল্লাহর দিকে ফিরে যাওয়ার শিক্ষা দেয়। রাসুলুল্লাহ (স.) নিজেও বিভিন্ন কঠিন মুহূর্তে বিশেষ দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতেন। এ লেখায় তুলে ধরা হলো তেমনই কিছু দোয়া।
আরবি: لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারিম।’
অর্থ: ‘মহান ও সহনশীল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; মহান আরশের মালিক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; নভোমণ্ডল, ভূমণ্ডল ও মহিমান্বিত আরশের প্রভু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।’ (সহিহ বুখারি: ৬৩৪৬)
আরও পড়ুন: শত্রুপক্ষের ক্ষতি থেকে নিরাপত্তার দোয়া
হাদিসে এই দোয়াটির বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসুল (স.) যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন, তখনই এই দোয়া পড়ে আল্লাহর মুখাপেক্ষী হতেন। এ দোয়া পড়ার মাধ্যমে মুমিনের অন্তরে শান্তি আসে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করেন এবং তাকে অভয়দান করেন। দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহর রহমত ও হেফাজত নেমে আসে বলে আলেমরা উল্লেখ করেন।
কঠিন বিপদে আরেকটি দোয়া পড়তেন নবীজি (স.)। সেটি হলো-
আরবি: يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
উচ্চারণ: ‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।’
অর্থ: ‘হে চিরঞ্জীব! হে বিশ্ব চরাচরে ধারক! আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি।’ আনাস (রা.) বলেন, ‘যখন রাসুলুল্লাহ (স.)-এর ওপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি দোয়াটি পড়তেন। (তিরমিজি, মেশকাত: ২৪৫৪)
আরও পড়ুন: ১০টি গুরুত্বপূর্ণ দোয়া
এছাড়াও যেকোনো কঠিন সময়ে দোয়া ইউনুস বেশ কার্যকর একটি দোয়া। দোয়া ইউনুস হলো—
আরবি: لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنۡتَ سُبۡحٰنَکَ اِنِّیۡ کُنۡتُ مِنَ الظّٰلِمِیۡنَ
উচ্চারণ: ‘লাইলা-হা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন।’
অর্থ: ‘হে আল্লাহ! তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র। নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।’ (সুরা আম্বিয়া: ৮৭) দোয়া ইউনুস সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেন, মাছের পেটে ইউনুস (আ.) এ দোয়া পড়ে আল্লাহকে ডেকে ছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে এ দোয়া পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন।’ (আহমদ, তিরমিজি, মেশকাত: ২২৯২)
আরও পড়ুন: ৭টি ছোট ইস্তেগফার: কোরআন-হাদিসে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়াগুলো
জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা রাখা এবং তাঁর কাছেই সাহায্য চাওয়া ঈমানের দাবি। বিপদ আপদে হতাশ না হয়ে উল্লেখিত দোয়াগুলো নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলা প্রতিটি মুসলিমের উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
আল্লাহ আমাদের সবাইকে যেকোনো বিপদ থেকে ফেফাজত করুন এবং বিপদ আপদে দোয়াগুলো আমল করার তাওফিক দান করুন। আমিন।