ধর্ম ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম
কিছু অভ্যাস সফলতার পথে অন্তরায়। যেগুলো বদভ্যাস হিসেবেই পরিচিত। এখানে এমন তিনটি বদভ্যাস তুলে ধরা হলো যেগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া নবীজির শিক্ষা। স্বয়ং নবীজিও (স.) ওসব বদভ্যাস থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। নিচে সেই বদভ্যাসগুলো তুলে ধরা হলো।
১. অলসতা
অলসতা এমন এক বদস্বভাব, যা মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। রুটিনমাফিক জীবন পরিচালনায় বাধা হয়ে দাঁড়ায়। গুরুত্বপূর্ণ আমলগুলোও অলসতার কারণে ছুটে যায়। তাই আল্লাহর রাসুল (স.) অলসতা থেকে বাঁচতে আল্লাহর কাছে পানাহ চাইতেন।
২. ভীরুতা
ভীরুতা বা কাপুরুষতা একটি মানবীয় ত্রুটি। বিশেষত যুদ্ধক্ষেত্রে। কারণ ভীরুরাই শত্রুর রক্তচক্ষুকে ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পালায়। আর যুদ্ধ থেকে পলায়ন করা ইসলামে কবিরা গুনাহ। ইসলামের শিক্ষা হলো- মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পথে দৃঢ় থাকবে। তাই মহানবী (স.) এই কাজ থেকেও পানাহ চাইতেন।
আরও পড়ুন: সাহসীরা আল্লাহর প্রিয়
৩. কৃপণতা
কৃপণ সমাজের ব্যাধি। দরিদ্র, বিপদগ্রস্ত কারো উপকারে আসে না কৃপণের টাকা-পয়সা। ধন-সম্পদের লোভ থেকেই আসে কৃপণতা, যা খুবই নিন্দনীয় এবং আল্লাহর কাছে ঘৃণিত। আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা কার্পণ্য হতে নিজেদের মুক্ত করেছে, তারাই সফলকাম।’ (সুরা হাশর: ৯)
আরও পড়ুন: হাদিসে সবচেয়ে বড় কৃপণ বলা হয়েছে যাকে
উল্লেখিত তিন বদভ্যাস তথা অলসতা, ভীরুতা ও কৃপণতার যেকোনো একটি বদভ্যাসও যার মধ্যে থাকবে, সে ইসলামের দৃষ্টিতে তো বটেই, সামাজিক জীবনেও এক মূল্যহীন মানুষ। এ কারণেই নবী (স.) মোনাজাতে এই তিন কাজ থেকে পানাহ চাইতেন। তিনি বলতেন- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ ‘হে আল্লাহ! আমি অলসতা থেকে আপনার আশ্রয় চাচ্ছি এবং আমি আপনার কাছে কাপুরুষতা থেকে আশ্রয় চাচ্ছি। আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি বার্ধক্যের আতিশয্য থেকে এবং কৃপণতা থেকে।’ (সহিহ বুখারি: ৬৩৭১)
রাসুলুল্লাহ (স.)-এর সেবক ও বিখ্যাত সাহাবি হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) উল্লেখিত দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি: ৬৩৭১)