images

ইসলাম

রুপার নিসাবের মূল্য পরিমাণ স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে?

ধর্ম ডেস্ক

১৪ জুলাই ২০২৪, ১০:১০ পিএম

জাকাত ফরজ ইবাদত এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র কোরআনে জাকাত আদায়ের নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন- وَ اَقِیْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ ‘তোমরা নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো। (সুরা বাকারা: ১১০) 

জাকাতের নিসাব হলো- সাড়ে সাত তোলা স্বর্ণ (৯৫.৭৪৮ গ্রাম প্রায়) অথবা সাড়ে ৫২ তোলা রুপা (৬৭০.২৪ গ্রাম প্রায়)। (আহসানুল ফতোয়া: ৪/৩৯৪, আল ফিকহুল ইসলামি: ২/৬৬৯)

ব্যবসায়িক পণ্য ও দেশি-বিদেশি মুদ্রার ওপরও জাকাত ফরজ হয়। এসবের নিসাব নির্ধারণে পরিমাপক হলো সোনা বা রুপা। তবে শরিয়তের নির্দেশ হলো- মুদ্রা ও ব্যবসায়িক পণ্যের বেলায় বর্তমানে রুপাই পরিমাপক হিসেবে গণ্য হবে। আর যে সম্পদের ওপর জাকাত ফরজ হয়, তার ৪০ ভাগের এক ভাগ (২.৫০ শতাংশ) জাকাত দেওয়া ফরজ।

আরও পড়ুন
যেসব সম্পদের জাকাত দেওয়া ফরজ
যাদের জাকাত দিলে আদায় হবে না
সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত ফরজ?
আপন বোনকে জাকাত দেওয়া যাবে?

প্রশ্ন হলো- যদি কারো কাছে নিসাব পরিমাণ (সাড়ে সাত তোলা) স্বর্ণ না থাকে, কিন্তু যা আছে তার মূল্য রুপার নিসাবের সমপরিমাণ হয়, তাহলে কি জাকাত দিতে হবে?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, স্বর্ণের সঙ্গে জাকাতযোগ্য সম্পদ না থাকলে জাকাত ফরজ হওয়ার জন্য সাড়ে সাত ভরি স্বর্ণ থাকা জরুরি। এছাড়া জাকাত ফরজ হবে না। এক্ষেত্রে স্বর্ণের মূল্য রুপার নিসাবের সমপরিমাণ হলেও জাকাত ফরজ হবে না। মূল্য তখনই ধর্তব্য হবে যখন স্বর্ণের সঙ্গে রুপা বা নগদ টাকা অথবা ব্যবসার পণ্য থাকে।

(সুনানে আবু দাউদ: ১৫৬৭; ফতোয়ায়ে তাতারখানিয়া: ৩/১৫৪; ফতোয়ায়ে খানিয়া: ১/২৪৯; আলমুহিতুল বুরহানি: ৩/১৫৭-১৫৮; বাদায়েউস সানায়ে: ২/১০৭; রদ্দুল মুহতার: ২/২৯৭)