ধর্ম ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
ইসলামি শরিয়তে একাধিক মৃতব্যক্তির জানাজা একসঙ্গে পড়া জায়েজ। তবে আলাদা পড়া উত্তম। এমনকি জানাজার জন্য একাধিক লাশ একত্রে উপস্থিত হয়ে গেলেও সম্ভব হলে প্রত্যেকের জন্য আলাদা জানাজার নামাজ পড়া ভালো। তবে সবগুলো লাশকে একত্র করে একসঙ্গে জানাজার নামাজ পড়াও জায়েজ আছে।
এক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো- সবগুলো লাশ ইমামের সামনে পশ্চিম দিকে একের পর এক সারিবদ্ধভাবে রাখা। সেক্ষেত্রে সবগুলো লাশ যদি পুরুষের হয় তাহলে বয়স ও মর্যাদার দিক থেকে যে বড় তাকে ইমামের সামনে প্রথমে রাখবে। আর পুরুষ ও মহিলার জানাজা হলে ইমামের সামনে প্রথমে পুরুষের লাশ এরপর মহিলার লাশ রাখবে। তাবেয়ি নাফে (রহ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনে ওমর (রা.) পুরুষ ও মহিলার জানাজার নামাজ একত্রে পড়ালে পুরুষদেরকে সামনে রাখতেন এরপর মহিলাদেরকে রাখতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১১৬৮২)
আরও পড়ুন
জানাজার নামাজের নিয়মকানুন, গুরুত্ব ও ফজিলত
জানাজার নামাজসহ ৪ আমলে নিশ্চিত জান্নাত
অবশ্য এক্ষেত্রে লাশগুলো উত্তর-দক্ষিণে সারিবদ্ধভাবে রেখেও জানাজা পড়া যাবে। (কিতাবুল আছল: ১/৩৫০; বাদায়েউস সানায়ে: ২/৫৬; খুলাসাতুল ফতোয়া: ২/২২৪; ফাতহুল কাদির: ২/৯২; আদ্দুররুল মুখতার: ২/২১৯)
বালেগ-নাবালেগ উভয় মাইয়েত থাকলে বালেগের নির্দিষ্ট দোয়া এবং নাবালেগের নির্দিষ্ট দোয়া পড়তে হবে। পাশাপাশি জানাজার নামাজের ইমামের কর্তব্য হলো- মাইয়েত পুরুষ না নারী, বালক না বালিকা ইত্যাদি বিষয় স্পষ্ট করে মুসল্লিদের কাছে জানিয়ে দেওয়া। (আদ্দুররুল মুখতার: ২/২১৮; আলবাহরুর রায়েক: ২/১৮৩; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৬৫; বাদায়েউস সানায়ে: ২/৫৬)
জানাজার ফরজ-সুন্নত
জানাজার নামাজের ফরজ দুইটি। ১. চারবার ‘আল্লাহু আকবার’ বলা। ২. দাঁড়ানো। জানাজা সহিহ হওয়ার জন্য লাশ উপস্থিত থাকা শর্ত। জানাজার সুন্নত তিনটি। ১. আল্লাহর হামদ ও সানা পড়া। ২. নবীজি (স.)-এর ওপর দরুদ পড়া। ৩. মৃত ব্যক্তির জন্য দোয়া করা। (ইলাউস সুনান: ৮/১৭৪)