Dhaka Mail Logo

প্রবাস

কাতারে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বারওয়া সিটিতে কিমস হেলথ-এ ক্যাম্পের আয়োজন করে। বাংলাদেশি কমিউনিটি ভলান্টিয়ার কাতার এতে সহযোগিতা করে।

দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে বিভিন্ন বয়সী বাংলাদেশি প্রবাসীরা অংশ নেন। এতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে উচ্চ রক্তচাপ, শারীরিক ওজনসূচক (বিএমআই), রক্তে শর্করার মাত্রা, চোখ ও ত্বক পরীক্ষা করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হৃদযন্ত্রের ইসিজি পরীক্ষারও সুযোগ ছিল।

ক্যাম্পে অংশ নেওয়া প্রবাসীরা চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের কাছ থেকে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ নেন।

এদিকে বাংলাদেশি কমিউনিটির জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে বাংলাদেশি কমিউনিটি ভলান্টিয়ার কাতার ও কিমস হেলথের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় কমিউনিটি ভলান্টিয়ারের সদস্যদের পাশাপাশি বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির জন্য কিমস হেলথের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ মূল্যছাড় দেওয়া হবে।

আয়োজকেরা জানান, প্রবাসীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে কমিউনিটির প্রয়োজন বিবেচনায় যৌথভাবে আরও স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্য ক্যাম্পে কিমস হেলথের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাজীবীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি ভলান্টিয়ার কাতারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পে অংশ নেওয়া প্রবাসীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন।

আয়োজকেরা বলেন, কোনো রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সময়মতো চিকিৎসার মাধ্যমে অনেক জটিলতা এড়ানো সম্ভব। তাই প্রবাসীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি নিজেদের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।