প্রবাসে আটকে রেখে মুক্তিপণ আদায় ও অর্থ আত্মসাতের মামলায় প্রধান অভিযুক্ত খসরু পারভেজ ভুঁইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নেত্রকোনার মদন থানার পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা থানেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি খসরু পারভেজ ভুঁইয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে সৌদি আরবে বৈধ চাকরি ও আকামা (কর্ম অনুমতিপত্র) করে দেওয়ার আশ্বাসে নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা মোহন মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় ১৭ লাখ টাকা গ্রহণ করেন খসরু পারভেজ ভুঁইয়া ও তার সহযোগীরা৷ প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও কর্মসংস্থানের ব্যবস্থা না করে মোহনকে বিদেশে নিয়ে নানা দুর্ভোগের মধ্যে ফেলে রাখা হয়।
এমনকি বিদেশে অবস্থানকালে তিনি চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হন। পরে তাকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। আত্মীয়-স্বজনদের সহায়তায় আরও অর্থ পাঠানোর পর তাকে দেশে ফেরত পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
দেশে ফিরে তিনি অভিযুক্তদের কাছে অর্থ ফেরত ও প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে, তারা অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করলেও, টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আদালতের নির্দেশে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে মামলাটি মদন থানায় এজাহার হিসেবে রুজু করা হয়। এতে খসরু পারভেজ ছাড়াও আরও দুইজনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম বলেন, মামলার প্রধান আসামি খসরু পারভেজকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




