Dhaka Mail Logo

প্রবাস

যুক্তরাষ্ট্রের সড়কে প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের

প্রবাস ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রের ব্যস্ত মহাসড়কে উল্টো পথে ছুটে আসা একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি মা ও মেয়ে। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত হয়েছেন মুসাম্মাত শামীমা বেগম (৪৬) ও তার মেয়ে আরিবা জাহিদ (২৩)।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বেথেসডা এলাকার ডেমোক্রেসি বুলেভার্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জোড়া মৃত্যু ও জীবন বিপন্ন করার অভিযোগসহ একাধিক গুরুতর মামলা করা হয়েছে।

মেরিল্যান্ড স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনে ভয়াবহ সংঘর্ষটি ঘটে। খবর পেয়ে রকভিল ব্যারেক থেকে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, জার্মানটাউনের বাসিন্দা ৩২ বছর বয়সী হোসে কাবায়েরো নোলাসকো একটি ফোর্ড মুস্তাং চালিয়ে ভুল পথে মহাসড়কে উঠে পড়েন। উত্তরমুখী লেনের পরিবর্তে তিনি বিপরীত দিকে গিয়ে দক্ষিণমুখী লেনে প্রবেশ করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরির সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

টয়োটা ক্যামরিতে যাত্রী হিসেবে ছিলেন বাংলাদেশি মুসাম্মাত শামীমা বেগম ও তার মেয়ে আরিবা জাহিদ। ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

নিউইয়র্কে রেস্তোরাঁর খাবারের বিল নিয়ে বাগবিতণ্ডায় রাজুকে গুলি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত হায়দার খানের প্রথম উপন্যাস প্রকাশিত

দুর্ঘটনায় টয়োটা ক্যামরির ৬২ বছর বয়সী পুরুষ চালক ও ৮ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকোও সামান্য আহত হন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেফতার করে মন্টগোমেরি কাউন্টি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার সময় নোলাসকো অ্যালকোহল পান করে অস্বাভাবিক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে দুজনের মৃত্যু ঘটানো এবং অন্যদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

নিহত শামীমা বেগম ও তাঁর মেয়ে আরিবা জাহিদ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বার্ক ও আলেকজান্দ্রিয়া এলাকায় বসবাস করতেন।

জেবি