৩১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
আন্তর্জাতিক সাংবাদিকতা সহযোগিতা জোরদার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের বৈশ্বিক পরিসরে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সার্ক সাংবাদিক ফোরাম (এসজেএফ) ও আইসিজে গ্লোবাল মিডিয়া গ্রুপের মধ্যে তিন বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) নিউইয়র্কে সার্ক সাংবাদিক ফোরামের আন্তর্জাতিক সভাপতি রাজু লামা এবং সার্বিয়ার বেলগ্রেডে আইসিজে গ্লোবাল মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাশা দোব্রিয়েভিচ নিজ নিজ অবস্থান থেকে সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা অনুযায়ী, দুই প্রতিষ্ঠান আন্তর্জাতিক সাংবাদিক সহযোগিতা, স্বাধীন সাংবাদিকতার বিকাশ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
চুক্তির আওতায় সার্ক সাংবাদিক ফোরাম আইসিজের প্রাতিষ্ঠানিক অংশীদার নেটওয়ার্কে যুক্ত হবে। উভয় প্রতিষ্ঠান নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে একে অপরের লোগো ও ওয়েবসাইটের সংযোগ প্রকাশ করবে। এছাড়া বৈশ্বিক সাংবাদিক সংযোগের প্ল্যাটফর্মে সার্ক সাংবাদিক ফোরামের কার্যক্রম, অর্জন ও উদ্যোগ নিয়ে একটি প্রাতিষ্ঠানিক পরিচিতি পাতা তৈরি করা হবে।
এ ছাড়া সার্ক সাংবাদিক ফোরামের সদস্যদের বৈশ্বিক সাংবাদিক সংযোগের সদস্য হতে উৎসাহিত করা হবে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্কে যুক্ত হওয়া, পেশাগত প্রশিক্ষণ, আন্তর্জাতিক প্রকাশনায় লেখার সুযোগ, আন্তর্জাতিক সংবাদকর্মী পরিচয়পত্র, বৈশ্বিক গণমাধ্যমবিষয়ক বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননার জন্য যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন। বিশেষ সদস্যরা অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ ও বিতরণের সুযোগও পাবেন।
সমঝোতায় যৌথ প্রকল্প বাস্তবায়ন, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, অনলাইন মতবিনিময় এবং দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক পর্যায়ে গণমাধ্যম সহযোগিতা জোরদারের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সমঝোতাটি পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে সম্পাদিত হয়েছে এবং এর মাধ্যমে কোনো আর্থিক বা বাণিজ্যিক বাধ্যবাধকতা তৈরি হবে না।
চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতিতে এটি নবায়ন করা যাবে। তবে যেকোনো পক্ষ ৬০ দিনের লিখিত নোটিশ দিয়ে সমঝোতা থেকে সরে আসতে পারবে।
এ সমঝোতার মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের জন্য বৈশ্বিক সাংবাদিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে স্বাধীন, নৈতিক ও পেশাদার সাংবাদিকতা বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হবে।
এমআই