Dhaka Mail Logo

প্রবাস

লেবারের ৩০ বছরের দুর্গ ভাঙলেন বাংলাদেশি বংশোদ্ভূত রতন

০৮ মে ২০২৬, ১১:২৪ পিএম

লন্ডনের ইলিং বারা নর্থ গ্রিনফোর্ড ওয়ার্ডে স্থানীয় নির্বাচনে জয় পেয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি প্রার্থী অজয় রায় রতন। কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে তিনি এমন এক ওয়ার্ডে জয় পেলেন, যেখানে প্রায় তিন দশক ধরে আধিপত্য ছিল ক্ষমতাসীন দল লেবার পার্টির।

স্থানীয় নির্বাচনের ফলাফলে দেখা গেছে, নর্থ গ্রিনফোর্ড ওয়ার্ডের তিনটি আসনেই জয় পেয়েছে কনজারভেটিভ পার্টি। ফলে এলাকাটিতে লেবারের দীর্ঘদিনের রাজনৈতিক নিয়ন্ত্রণে বড় ধাক্কা লেগেছে।

অজয় রায় রতনের জন্ম বাংলাদেশের মানিকগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরে ১৯৯২ সালে যুক্তরাজ্যে যান উচ্চশিক্ষার জন্য। সেখানে গিল্ডহল বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শেষে ইনস অব কোর্ট স্কুল অব ল থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ব্যারিস্টার পেশায় নিযুক্ত আছেন।

দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ইলিং এলাকায় বসবাস করা অজয় রায় রতন স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি কর্মকাণ্ডে তার সক্রিয় রয়েছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে-এর পরিচালনা পরিষদেরও সদস্য।

নির্বাচনে জয় পাওয়ার পর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অজয় রায় রতন। তিনি বলেন, এলাকার বাসিন্দারা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং আমি সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নর্থ গ্রিনফোর্ড ওয়ার্ডে কনজারভেটিভদের এই জয় শুধু একটি নির্বাচনি ফল নয়; বরং এটি ইলিংয়ের স্থানীয় রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রেও এ জয়কে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এমআই