Dhaka Mail Logo

রাজনীতি

ফ্যাসিবাদ মোকাবেলায় দেশের সব জনগণকে ঐক্যবদ্ধের আহ্বান খেলাফত আন্দোলনের

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

জুলাই বিপ্লবের চেতনা ধারণ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর এবং ফ্যাসিবাদ মোকাবেলায় দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা। একই সঙ্গে বিএনপি পুরনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে ২০২৪ সালের জেগে ওঠা বিপ্লবী শক্তি আগামীর বাংলাদেশ পরিচালনা করবে বলে হুশিয়ার করা হয়েছে।    

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শহীদ আব্দুস সালাম মিলনায়তনে
‘গণভোটের গণরায়: জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ ও মাওলানা নেয়ামতুল্লাহ খান জাফরী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি যদি আবার পুরনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে যায়, তাহলে ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে জেগে ওঠা নতুন শক্তিই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে, ইনশাআল্লাহ।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের স্পষ্ট করতে হবে, আপনারা বাহাত্তরপন্থী, নাকি চব্বিশপন্থী? আগে নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করুন। আপনারা যদি বাহাত্তরপন্থী হন, তাহলে শেখ হাসিনা যে পথে গেছেন, বাহাত্তরপন্থী বাংলাদেশের সব অপশক্তিকেও সেই পথেই যেতে হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের বিষয়ে বিএনপিকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। এসব বিষয়ে বিএনপি ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের স্বার্থে তারা স্বেচ্ছায় বিএনপির পাশে দাঁড়াবেন।

তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে খেলাফত আন্দোলনের আমির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি যদি তার বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানানোর প্রয়োজন হবে না। দলমত নির্বিশেষে দেশের দেশপ্রেমিক জনগণ তাদের সহযোগিতায় এগিয়ে আসবে।

বিএনপির ওপর জনগণের দীর্ঘদিনের রাজনৈতিক নির্ভরশীলতার প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ২০২৪ সালের বিপ্লবের আগে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিকল্প হিসেবে জনগণ বিএনপির ওপর নির্ভর করেছিল। কিন্তু ২০২৪ সালের বিপ্লব দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাই কোনো দল যদি আবার পুরনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে যায়, তাহলে জনগণ বিকল্প শক্তির নেতৃত্বে দেশ পরিচালনার পথ বেছে নেবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দলমত, ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল বাংলাদেশিকে দেশের নতুন রাজনৈতিক বাস্তবতা ও বিপ্লবের চেতনা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র মুহাম্মদ রাশেদ প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন, এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান এবং নতুন ধারা জনতা পার্টির আহ্বায়ক আব্দুল আহাদ নূর।

এ ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় উন্নয়ন সোসাইটির আহ্বায়ক অ্যাডভোকেট মঈনুদ্দীন খান, নাগরিক মঞ্চের সমন্বয়ক ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মুহাম্মদুল্লাহ ফারুকী, মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা আব্দুল কাদের কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, মুফতি আব্দুর রহিম কাসেমী, মুফতি আসাদুল্লাহ জাকির, মাওলানা আব্দুর রহমান, মুহাম্মাদ ইকরামুল তাহসীন, মুফতি আবু দারদা কাসেমী, হাফেজ ইবরাহীম বিন আমী, মাওলানা জুনায়েদ আহমাদ কাঠখালী, মাওলানা হাবীবুল্লাহ খান, মাওলানা খায়রুল বাশার ও হাফেজ আবুদারদা প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

সভায় বক্তারা জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের লক্ষ্যে রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এমআইকে/এসআই