Dhaka Mail Logo

রাজনীতি

কেন জামায়াত ছেড়ে দেওয়ার কথা বলছেন আমির হামজা?

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর টিকিটে কুষ্টিয়া-৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। নিজের কাজে বাদা দিলে সেই দলই তিনি ত্যাগ করবেন বলে সাফ জানিয়ে দিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনটাই বলতে শোনা যায় আমির হামজাকে।

ভাইরাল ওই ভিডিওতে আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই, মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’

এছাড়া শুক্রবার (২৭ নভেম্বর) রাত নয়টার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা। সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটা ছবিও দেন। ক্যাপশনে লেখেন, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।—মুফতি আমির হামজা।’

অর্থাৎ, আলোচিত এই সংসদ সদস্য বোঝাতে চেয়েছেন, নিজের আসনে দলীয় কর্মীদের ওপর কোনো হামলা হলে তার পাল্টা জবাব দিতে তিনি পিছপা হবেন না। এক্ষেত্রে নিজের দল জামায়াতে ইসলামী যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে সেই দলই তিনি ছেড়ে দেবেন।

যদিও আমির হামজার পেজ থেকে ফটোকার্ডটি পরে ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে সেটিও ভাইরাল। শুক্রবার রাত সাড়ে ১০টার পরপর ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার আগে রি–অ্যাকশন পড়ে ২১ হাজার ৮০০। মন্তব্য করেন ১ হাজার ৯০০ জন। শেয়ার হয়েছে ৪৮৩ বার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাজাহান ও আমির হামজা অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

এরপর বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। এসময় আহতদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতেতেই আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই।’

এসময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘সেই কথা তো আমরাও বলি।’ আমির হামজা বলতে থাকেন, ‘মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’

সার্বিক বিষয়ে জানতে আমির হামজার সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে তার একান্ত সহকারী (পিএস) মোমিন বিশ্বাস বলেন, ‘এমপি সাহেব মাহফিলে আছেন। তিনি রাতে ঢাকায় যাবেন, সাংগঠনিক সভা আছে।’ 

প্রসঙ্গত, ইসলামি বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন মুফতি আমির হামজা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে তাকে মনোনয়ন দেয় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। 

এই নির্বাচনে ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মো. জাকির হোসেন সরকারকে হারিয়ে নির্বাচিত হন আমির হামজা। এমপি হওয়ার পর থেকে নানা কথা আর কাজের কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন এই ইসলামি বক্তা। 

এএইচ