Dhaka Mail Logo

রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, ‘সরকার গঠনের পর এই ব্যর্থতা আরও বেড়েছে। রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে বিএনপি নিজেদের জন্য আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানাই। ঐক্যের ফাটল মেরামতের প্রধান দায়িত্ব সরকারের।’

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে দীর্ঘ ১৫-১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছিল, তা রক্ষার ওপর শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ খেলাফত মজলিস। অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু করে নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক ফোরামে এ বিষয়ে কথা বলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি দল হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং সরকার হিসেবে আরও বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস তৈরি করে এবং কথায় কথায় মিত্রদের আক্রমণ করে তারা নিজেদের জন্যই আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান অনেক বিলম্বে এলেও আমরা তাকে স্বাগত জানাই। তবে গণভোটে বাংলাদেশের মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে যে বিপুল জনমত দিয়েছে, সেই গণরায়কে সম্মান করতে হবে। নিজেদের অতীত ভূমিকা পর্যালোচনা করতে হবে। গণভোটের আগে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছেন। তাদের এই ভূমিকার কারণেই ‘হ্যাঁ’-এর পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হয়েছে। অথচ কিছু ইসলামি রাজনৈতিক সংগঠনও যথাযথ বিশ্লেষণ ছাড়াই বিএনপির অবস্থানের সঙ্গে সুর মিলিয়েছে। এটি ছিল তাদের চরম আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত।’

মামুনুল হক বলেন, ‘জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট হলে তার অপমৃত্যু ঘটবে। তাই ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।’

সরকার ও বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, ‘বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষার সংগ্রামে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও বিএনপি ভুল পথে পরিচালিত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একচুল পরিমাণ পিছপা হব না। সরকার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষ কারও হাতে দেশের ভাগ্য ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আবার নতুন জুলাই আসবে, আবার নতুন সংগ্রাম হবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান তুলে ধরে দলটির আমির বলেন, সংগঠনটি তার আদর্শ ও লক্ষ্য নিয়ে কখনো দ্বিধান্বিত ছিল না। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যে আদর্শিক ভিত্তির ওপর সংগঠনটির যাত্রা শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় কোরআন-সুন্নাহর নির্দেশনা ও পূর্বসূরি আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তারা কাজ করছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণপর্ব অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে থাকা কওমি ধারার রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দলটি জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, ভারসাম্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।’

বন্ধুপ্রতিম ইসলামি সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ‘নীতির প্রশ্নে অটল থাকতে হবে, তবে বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রাখতে হবে। অন্য সংগঠনগুলোর প্রতি কটু ভাষা প্রয়োগ না করে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামি অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর ইসলামি শক্তির উত্থানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভূমিকা রাখতে হবে।’

বিএনপির রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন ব্যক্তিরা থাকতে পারেন, যারা জিয়া ও খালেদা জিয়ার আদর্শবিরোধী। তারা দল ও সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করতে পারেন। তাই বিএনপিকে নিজেদের আদর্শিক অবস্থান পর্যালোচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের অর্জনকে নিজেদের লড়াই ও সংগ্রামের ফসল মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস। এই অর্জনকে পূর্ণতা দিতে সংগঠনটি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।’

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সল আহমাদ ও মাওলানা এনামুল হক মুসা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও মুহাম্মাদ কামাল উদ্দীন।

কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহর পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোশাররফ হুসাইন লাবিব, মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম কেন্দ্রীয় সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন। এতে বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টিএই/এএম