নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িসহ অসংখ্য বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ফরিদপুর, পিরোজপুর ও নড়াইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় চারজন নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। হাসপাতালেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এসব কর্মকাণ্ড কোনো রাজনৈতিক কার্যক্রম নয়, বরং স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড। আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে।
আবু হানিফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। এখন সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬ ও ১৮(১) ধারা অনুযায়ী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সময় এসেছে।
তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময়ও আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। বিদেশে পলাতক নেতারা এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছেন এবং দেশে অবস্থানরত নেতাকর্মীরা জননিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছেন।
পোস্টে আবু হানিফ আরও দাবি করেন, সন্ত্রাসবিরোধী আইনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার জন্য যেসব অপরাধের কথা উল্লেখ রয়েছে, আওয়ামী লীগ সেসব অপরাধে জড়িত। তাই অপরাধের মাত্রা বিবেচনায় আইনগতভাবেই দলটিকে নিষিদ্ধ করা সম্ভব।
এমআর/এএম