নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম
নিজ সদসদীয় আসনের অন্তর্গত এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। নির্দেশনায় তিনি বলেছেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন ইশরাক।
পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ঢাকা ৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।
এরপর তিনি প্রথম পয়েন্ট উল্লেখ করে লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহাড়া দেয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।
সবশেষ পয়েন্টে ইশরাক হোসেন লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্ক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।
প্রসঙ্গত, গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে হত্যা, দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, পরিবহনে আগুন এবং জুলাই যোদ্ধা ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুনসহ বিভিন্ন নাশকতা করে আসছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলে খবর সামনে আসছে।
এরই প্রতিবাদে নিজ এলাকার নাশকতা রুখতে ইশরাক হোসেন নিজ দলের নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন বলে অনেকেই মনে করছেন।
/এসআই