Dhaka Mail Logo

রাজনীতি

নতুন করে আরও ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ নিয়ে উপজেলা ও পৌরসভা নির্বাচনে মোট ২০০ প্রার্থীর নাম দিল দলটি।  ডিসেম্বরের মধ্যে ৪ হাজার ৬০০ ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা করবে বলেও জানিয়েছেন দলটির নেতারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় দফায় উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

নতুন করে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০০ জন উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদপ্রার্থীদের তালিকার একাংশ।
নতুন করে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০০ জন উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদপ্রার্থীদের তালিকার একাংশ।

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ‘সামনে স্থানীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির কার্যক্রম পরিচালিত হবে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ইউনিয়ন পরিষদে এনসিপি এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নতুন করে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০০ জন উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদপ্রার্থীদের তালিকার একাংশ।
নতুন করে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০০ জন উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদপ্রার্থীদের তালিকার একাংশ।

এর আগে, প্রথম দফায় গত ১০ মে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি।

ওই সময় দলটি ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌরসভার মেয়র প্রার্থীর নাম দেয়।

এএম