Dhaka Mail Logo

রাজনীতি

১৪ ঘণ্টা পর মুক্তি পেলেন ‘নন-পলাতক আ.লীগ’ সভাপতি কামাল

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

চট্টগ্রামের কর্ণফুলীতে আটক হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করা সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিন। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি মুক্তি পান।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, নিরাপত্তার স্বার্থে কামাল উদ্দিনকে থানায় নেওয়া হয়েছিল। পরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলেও কেউ দেখা করতে আসেননি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা পাওয়া যায়নি। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয়। সেখান থেকে তিনি মুক্তি পান।

আরও পড়ুন

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ!

পাসপোর্ট চাওয়ার পেছনে হাসিনার ‘মতলব’ কী?

মুক্তির পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কামাল উদ্দিন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মব করা হয়েছে। আমি আগামী ১৯ নভেম্বর লকডাউন ডাকার প্রতিবাদ করেছিলাম। পুলিশ আমাকে রক্ষা করেছে। সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি, জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।’

সুপ্রিম কোর্টের আইনজীবী এম কামাল উদ্দিন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে গত অক্টোবর মাসে আলোচনায় আসেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দেন তিনি। তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

কামাল উদ্দিন এর আগে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

জেবি