মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাসপোর্ট চাওয়ার পেছনে হাসিনার ‘মতলব’ কী?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

পাসপোর্ট চাওয়ার পেছনে হাসিনার ‘মতলব’ কী?

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। তবে তার এই উদ্যোগের পেছনে আসলেই দেশে ফেরার পরিকল্পনা, নাকি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মীদের সক্রিয় রাখা এবং নিজের রাজনৈতিক প্রভাব ধরে রাখার কৌশল রয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় পর গত সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন তার আইনজীবীরা। 

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। 

বাংলাদেশ সরকার ইতিমধ্যে হাসিনার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং তাকে চ্যালেঞ্জ জানিয়েছে, তিনি যদি দেশে ফেরার ব্যাপারে আন্তরিক হন, তবে যেন ভারত থেকে প্রত্যর্পণের আবেদন করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজাজিরাকে বলেছেন, ‘যারা হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যায়, বাংলাদেশ সেইসব সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। সন্ত্রাসী হাসিনাকে খুঁজে বের করে হস্তান্তর করার জন্য ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে’।

অন্যদিকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, ‘রায় কার্যকর হওয়া ছাড়া শেখ হাসিনার আর কোনো উপায় নেই।’

‘হাসিনা জানেন তার ভাগ্য কী আছে’

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা প্রায় ২০ বছর কঠোর হাতে বাংলাদেশ শাসন করেছেন এবং এখনও দেশের মোট জনসংখ্যার একটি অংশ তাকে সমর্থন করে, যদিও অনেকেই তার ফাঁসি দেখতে চায়।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালের অভ্যুত্থানে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার দুই বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যখন স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টা করছে, তখন তার প্রত্যাবর্তন রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

এমন পরিস্থিতিতে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান, নাকি ভারতে অবস্থান করেই নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে ফেরার ঘোষণা দিয়েছেন—তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।

ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের’ সভাপতি জিল্লুর রহমান মনে করেন, হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি অবিলম্বে দেশে ফেরার পরিকল্পনার চেয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় রাখার কৌশল হতে পারে।

তিনি বলেন, ‘আমার মনে হয়, তিনি (হাসিনা) জানেন তার ভাগ্য কী আছে। কিন্তু তিনি যা চান তা হলো- আওয়ামী লীগের নেতা ও কর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখা।’ 

জিল্লুর রহমান আরও বলেন, ‘আমি যতদূর বুঝি, তিনি কোনো অবস্থাতেই দলের নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দিতে চান না। আমার মনে হয়, এটা তার এবং দলের জন্য একটি বড় সমস্যা। নাহলে দলটি হয়তো টিকে থাকার কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করত’।

এদিকে সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ আরও সরাসরি বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। 

একসময় ঢাকায় মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করা ড্যানিলোভিচ আলজাজিরাকে বলেন, ‘আমার মতে, দেশে তার ক্রমবর্ধমান অপ্রাসঙ্গিকতা নিয়ে তৈরি হওয়া আখ্যানকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে এবং সমর্থকদের উজ্জীবিত করার উদ্দেশ্যে এসবই একটি ধাপ্পাবাজি।’ 

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও মনে করেন, হাসিনার এই ঘোষণা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে ভূমিকা রাখছে। 

তিনি বলেন, ‘এই ঘোষণা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখে এবং দেশের পরিস্থিতি বোঝার সুযোগ করে দেয়। তার প্রকৃত প্রত্যাবর্তন অকল্পনীয় বলে মনে হচ্ছে, কারণ এর অর্থ হবে ফাঁসির মুখোমুখি হওয়া অথবা বাকি জীবন কারাগারে কাটানো।’

অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবশ্য হাসিনার ফেরার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন। 

নাম প্রকাশ না করার শর্তে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সাংগঠনিক সম্পাদক আলজাজিরাকে বলেছেন, ‘আমাদের নেত্রী ফিরে আসবেন। তারা আগেও তাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তারা আবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু তিনি এই ষড়যন্ত্রগুলো কাটিয়ে উঠে ফিরে আসবেন।’ 

তবে হাসিনা কীভাবে দেশে ফিরবেন এবং এ জন্য দল কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে অনেক নেতা-কর্মীরই স্পষ্ট ধারণা নেই।

ভারতের ভূমিকা

শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের সঙ্গে ভারতের হিসাব-নিকাশও জড়িয়ে রয়েছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রকে আশ্রয় দেওয়ায় ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।

বাংলাদেশ একাধিকবার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চেয়েছে। তবে ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধগুলো পর্যালোচনা করা হচ্ছে।

গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। 

এদিকে বাংলাদেশও তিক্ত সম্পর্ক মেরামতের আগ্রহ প্রকাশ করেছে।

ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, ভারত শেখ হাসিনাকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে বিবেচনা করে। তবে তার ভারতে অবস্থানের বিষয়টি থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টিকে আলাদা করে দেখতে চায় নয়াদিল্লি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতের একজন খুব ভালো বন্ধু। দিল্লি তাকে এমন একজন বন্ধু হিসেবে দেখে, যাকে তারা সবসময় সমর্থন করবে। এটাই আমাদের আনুষ্ঠানিক অবস্থান’।

অন্যদিকে সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ মনে করেন, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ভারতের কূটনৈতিক জটিলতা বাড়ছে। তবে নয়াদিল্লি তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে, এমন সম্ভাবনা তিনি দেখছেন না।

তিনি বলেন, ‘যদিও ভারতে এমন কিছু লোক থাকতে পারে যারা এখনও বিশ্বাস করে যে হাসিনা ও তার দল তাদের সুবিধা আদায়ের সুযোগ করে দেয়, কিন্তু এতদিনে মোদি সরকারের নিশ্চয়ই বোঝা উচিত যে নয়াদিল্লিতে তার ক্রমাগত উপস্থিতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার কী ক্ষতি করছে।’

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের জিল্লুর রহমানের মতে, ভারত একদিকে হাসিনার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে রয়েছে, অন্যদিকে তাকে ছেড়ে দেওয়াও নয়াদিল্লির জন্য সহজ নয়। কারণ, দীর্ঘদিনের মিত্রকে পরিত্যাগ করলে দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলে ভারতের অন্য মিত্রদের মধ্যেও আস্থার সংকট তৈরি হতে পারে।

বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কতটা?

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বিএনপি সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা সম্ভব কি না, সে প্রশ্নও উঠেছে। তবে বিশ্লেষকেরা এমন সম্ভাবনা খুব কম দেখছেন।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ফয়েজ সোবহান বলেন, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপির লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। কারণ, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৬ বছরের বেশি সময় ধরে বিএনপির নেতা-কর্মীদের দীর্ঘদিন কারাবন্দি, হয়রানি ও রাজনৈতিকভাবে কোণঠাসা থাকার অভিজ্ঞতা রয়েছে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও লন্ডনে নির্বাসনে ছিলেন। 

এ পরিস্থিতিতে এ ধরনের কোনো চুক্তির ইঙ্গিতকেও বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে বলে মন্তব্য করেন তিনি। 

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

ঢাকায় এক অনুষ্ঠানে রিজভী বলেন, ‘তিনি (হাসিনা) যদি মনে করেন যে তিনি ফিরে এসে ফ্যাসিবাদ পুনরায় চাপিয়ে দিয়ে নিজের সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন, তবে তিনি নিজেকেই ধোঁকা দিচ্ছেন।’ 

ফয়েজ সোবহান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বাইরে বিএনপি সরকারের পদক্ষেপ নেওয়ার সুযোগ খুব কম।

তিনি আরও বলেন, ‘দেশকে স্থিতিশীল করার জন্য একটি বৃহত্তর নিষ্পত্তির কথা ভাবা কঠিন, এবং জবাবদিহিতা বা ক্ষমা প্রার্থনা ছাড়া মীমাংসা করা আরও কঠিন। এ ক্ষেত্রে প্রত্যর্পণই ঢাকার জন্য একমাত্র আনুষ্ঠানিক পথ এবং এর অর্থ হলো তাকে (হাসিনা) আসামির মতো দেশে ফিরিয়ে আনা, স্বেচ্ছায় ফেরা নয়।’

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর