Dhaka Mail Logo

রাজনীতি

আইনশৃঙ্খলার অবনতিতে ফ্যাসিবাদী চক্র সক্রিয় হচ্ছে: আবদুল কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে ফ্যাসিবাদী চক্র ফের সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। রাজনীতিতে ফের আগুন সন্ত্রাস দেশের জন্য অশুভ ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, ‘বাসে আগুন, দোকানে আগুন, গাড়িতে আগুন এধরণের ধ্বংসাত্মক রাজনীতি দেশ, মানবতা ও ইসলামের জন্য ভয়াবহ ক্ষতিকর।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরা উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল কাইয়ুম বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি দেশকে চরম সংকটে নিপতিত করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনগণ আতঙ্কিত হয়ে পড়ছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরা উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরা উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় নেতৃবৃন্দ।

তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি থেকে দীর্ঘ ৫৫ বছরে বের হয়ে আসতে পারেনি এ দেশের তথাকথিত রাজনীতিকরা। এই প্রতিহিংসার রাজনীতিকে সমূলে উপড়ে ফেলতে প্রয়োজন শরীয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের।

‘ইসলামী শরীয়া প্রতিষ্ঠতি হলে দেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে চিরদিনের জন্য। তাই আসুন পীর সাহেব চরমোনাই নেতৃদ্বে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে দেশকে একটি আদর্শিকভাবে গড়ে তুলি।’

ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, ‘মানুষ সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কবল থেকে বাঁচতে চায়।’

তিনি বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ভয়াবহ রূপ নিয়েছে। আইন শৃঙ্খলার অবনতিতে ফ্যাসিবাদী চক্র সক্রিয় হচ্ছে। বিভিন্ন জায়গায় মিছিল করছে, আগুন দিচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’

দলের বাঙ্গরা উপজেলা সভাপতি মুফতি দেলাওয়ার আমীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মুফতি রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা নেতা মুফতি মানসুরুল হক, মাস্টার আরিফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা শাফায়েত হোসাইন, রেজাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএম