Dhaka Mail Logo

রাজনীতি

তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ!

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো বিশ্লেষণ করে দলটির সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি পেয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও গণমাধ্যম বিশ্লেষণ প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্ট। তিনটি পৃথক উৎসের উপাত্ত বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, এ সময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট রাজনৈতিক সহিংসতার ঘটনা অন্তত সাড়ে ১১ হাজার।

বুধবার (১১ নভেম্বর) ‘তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ’ শিরোনামে প্রকাশিত এক বিশ্লেষণে এসব তথ্য তুলে ধরেছে বাংলাফ্যাক্ট।

বিশ্লেষণে ব্যবহার করা হয়েছে বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার উপাত্তভান্ডার, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের সরকারি গেজেট।

বাংলাফ্যাক্টের বিশ্লেষণ অনুযায়ী, ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতার ৩৭ হাজার ৫৪৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে। বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের কনফ্লিক্ট রিসার্চ গ্রুপের জুলিয়ান কুটিগ, বার্ট স্যুকেন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম এ উপাত্তভান্ডার তৈরি করেন।

২০২০ সালে প্রকাশিত ‘স্টুডেন্ট পলিটিকস অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় চারটি জাতীয় দৈনিক—ডেইলি স্টার, প্রথম আলো, ইনকিলাব ও ইত্তেফাকের সংবাদ বিশ্লেষণ করে এসব তথ্য সংগ্রহ করা হয়। দ্বৈত গণনা বাদ দিয়ে চূড়ান্ত উপাত্তভান্ডারে ৩৭ হাজার ৫৪৪টি ঘটনা রাখা হয়।

আরও পড়ুন

আওয়ামী লীগের অভিশাপমুক্ত হতে পারবে কি দেশ ও জনগণ!

অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ: আল-জাজিরা

গবেষণায় দেখা যায়, এসব ঘটনার ৩০ দশমিক ২ শতাংশে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল। সংখ্যার হিসাবে তা প্রায় ১১ হাজার ৩০০টি। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় আহতদের ৩৭ দশমিক ৭ শতাংশ এবং নিহতদের ২২ দশমিক ৩ শতাংশ ছিলেন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সহিংসতার শিকার। অন্যদিকে বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া যায় মোট ঘটনার ২৫ দশমিক ২ শতাংশে, যার সংখ্যা আনুমানিক ৯ হাজার ৫০০। ছাত্রলীগের সংশ্লিষ্টতা আলাদাভাবে পাওয়া যায় ১৭ দশমিক ৯ শতাংশ ঘটনায়। গবেষকেরা উল্লেখ করেছেন, সংবাদপত্রে সব ঘটনা প্রকাশিত না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতার চিত্রেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতের আধিক্য দেখা যায়। বাংলাফ্যাক্টের বিশ্লেষণে আসকের উপাত্তের বরাত দিয়ে বলা হয়, ২০২০ সালে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ছিল ৭৪টি। বিপরীতে বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনা ছিল সাতটি। ২০২১ সালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অভ্যন্তরীণ সংঘাত ঘটে ৯৬টি, আর বিএনপিসহ অন্য দলের সঙ্গে সংঘর্ষ হয় ১৮টি।

তিন দশকে রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান। ছবি: সংগৃহীত
তিন দশকে রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান। ছবি: সংগৃহীত

২০২২ সালের প্রথম চার মাসে দেশে ২০১টি রাজনৈতিক সংঘাতে ৪১ জন নিহত হন। এর মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাত ছিল ২৫টি এবং অন্য দলের সঙ্গে সংঘর্ষ ছিল ১৮টি।

এ সময় রাজনৈতিক সহিংসতার বড় একটি অংশের পেছনে ছিল স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাত ছড়িয়ে পড়ে।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৯৩৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯৬ জন নিহত এবং অন্তত ৯ হাজার ২৫৮ জন আহত হন। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, এসব ঘটনার অধিকাংশই ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, নির্বাচনী সহিংসতা এবং বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ ঘিরে সংঘর্ষ।

২০২৪ সালের প্রথম ছয় মাসেও একই প্রবণতা দেখা যায়। আসকের পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪১ জনের মধ্যে ৩৫ জনই, অর্থাৎ প্রায় ৮৫ শতাংশ, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ হারান। জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘাত ছিল এসব প্রাণহানির অন্যতম কারণ।

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা হচ্ছে

ছন্নছাড়া নেতাকর্মীরা, কোন পথে আওয়ামী লীগের ভবিষ্যৎ?

এরপর ২০২৪ সালের জুলাইয়ে শুরু হয় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সরকারি গেজেটে এ অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৪৩ জন বলে উল্লেখ করা হয়েছে। বাংলাফ্যাক্টের বিশ্লেষণে বলা হয়েছে, সরকারি তালিকায় তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ক্ষমতাসীন দলের সদস্যদের হামলায় নিহত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলনে অধিকাংশ প্রাণহানি ঘটেছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। আন্দোলন দমনে তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্বের নির্দেশনার প্রমাণও পেয়েছে জাতিসংঘের অনুসন্ধান দল। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন।

সব মিলিয়ে ১৯৯১ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রায় ৩৩ বছরের রাজনৈতিক সহিংসতার উপাত্ত বিশ্লেষণ করে বাংলাফ্যাক্টের পর্যবেক্ষণ, এ সময়ে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর।

জেবি