Dhaka Mail Logo

রাজনীতি

কপ-৩১ সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ এএম

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে অংশ নেবেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে তিনি জলবায়ু ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন ও অভিযোজন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি থেকে জিওকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গ্রিনহাউস গ্যাস নিয়ে গবেষণার পাশাপাশি যুক্তরাজ্যে পরিবেশ বিষয়ক আইন পেশায় কাজের অভিজ্ঞতাও রয়েছে তার।

কপ-৩১ সম্মেলনে অংশ নিয়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার এবং জলবায়ু অর্থায়নে ন্যায্যতার বিষয়গুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন। এ ছাড়া অভিযোজন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষা, ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জাতীয় স্বার্থ জোরালোভাবে তুলে ধরাই এ অংশগ্রহণের লক্ষ্য। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় প্রকাশ করেছে দলটি।

টিএই/এফএ