জেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে- এমন প্রচারণা কোনো সাধারণ প্রোপাগান্ডা নয়; বরং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দিল্লির প্রোপাগান্ডা। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। বরং গত আট মাস ধরে সরকার নানাভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীনতা ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশে কোনো ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না।
তিনি অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় সাংবাদিকসহ সরকারবিরোধী অনেক মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার, মারধর ও নির্যাতন করা হয়েছে। জনগণের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সরকার একটি সাংবিধানিক সংশোধন কমিটি গঠনের মাধ্যমে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে। অথচ তারা নির্বাচনে ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল।
শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, শ্রমিক আন্দোলন শুরুর প্রায় এক সপ্তাহ পর মজুরি বোর্ড গঠন করা সরকারের এক ধরনের গাফিলতি ছিল। আর এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন পক্ষ নাশকতার চেষ্টা চালিয়েছে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রুঞ্জু ও সদস্যসচিব ইসমাঈল হোসেন হাদী উপস্থিত ছিলেন
এসআই