শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানাল এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ এএম

শেয়ার করুন:

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানাল এনসিপি
এনসিপির লোগো

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, এটি কেবল একটি স্থাপনায় হামলা নয়; বরং জুলাইয়ের চেতনা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার ওপর সরাসরি আঘাত।

শুক্রবার (৬ নভেম্বর) এনসিপির দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগেও দেশের বিভিন্ন স্থানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পিরোজপুর, বরগুনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও যশোরসহ বিভিন্ন এলাকায় এ ধরনের হামলার খবর পাওয়া গেছে। ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটতে থাকা প্রমাণ করে, জুলাইয়ের স্মৃতি ও অর্জনকে অসম্মানিত করার অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। একই সঙ্গে সরকারের কার্যকর পদক্ষেপের অভাবও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে ভূমিকা রাখছে।

এতে আরও বলা হয়, একের পর এক এমন ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করা যায়নি। প্রতিটি ঘটনার পর তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে এ ধরনের অপতৎপরতা আরও উৎসাহিত হচ্ছে। সরকারের এমন নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও দমন-পীড়নের বিচারেও প্রত্যাশিত অগ্রগতি না থাকায় গভীর হতাশা তৈরি হয়েছে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে হামলার বিচার এবং গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার—দুটিই রাষ্ট্রের রাজনৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। শুধু স্মৃতিস্তম্ভ নির্মাণ কিংবা স্মরণসভার আয়োজন যথেষ্ট নয়; শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

এনসিপি চাঁদপুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা এবং দেশের সব জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সব অপরাধের বিচার দৃশ্যমান ও কার্যকরভাবে এগিয়ে নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।

এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর