Dhaka Mail Logo

রাজনীতি

টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একই সঙ্গে মানবপাচারকারী চক্রের সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে দলটি।

শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।’

তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় নিয়োজিত একজন সাহসী সেনাসদস্যের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি নিহত সেনাসদস্যের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘মানবপাচার একটি জঘন্য অপরাধ। সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে জিম্মি করে অবৈধভাবে বিদেশে পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে। এ ধরনের অপরাধী চক্র দেশের আইনশৃঙ্খলা ও মানবিক মর্যাদার জন্য মারাত্মক হুমকি।’

তিনি বলেন, ‘মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারের নেপথ্যে থাকা গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘দেশের দুর্গম পাহাড়ি এলাকায় মানবপাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি আশা প্রকাশ করেন, ‘সরকার মানবপাচার ও সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করবে এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।’

টিএই/এএম