Dhaka Mail Logo

রাজনীতি

বিরোধীদল বসে আঙুল চুষবে না, যেকোনো সময় এক দফা: ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ১২:৩০ এএম

সাত দফা দাবি সরকার না মেনে নিলে ‘যেকোনো সময়’ তা ‘এক দফায়’ পরিণত হবে বলে হুঁশিয়ারি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদেরকে অপমান করেছে বর্তমান সরকার। ফেব্রুয়ারিতে আপনারা দুটি ভোট দিয়েছিলেন। একটি ভোটে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি। দ্বিতীয় আরেকটি ভোট আপনারা দিয়েছিলেন যেখানে বিএনপি এবং জামায়াত আমরা সকলেই বলেছিলাম হা বলুন। সেখানে ৭০ ভাগ মানুষ হাতে ভোট দিয়েছে। কিন্তু মানুষের সেই রায়কে তারা অপমান করেছে। তারা গণভোটের রায় এখনো বাস্তবায়ন করে নাই।’

তিনি বলেন, ‘যদি সাত দফা মেনে নেন তাহলে এক দফার পাথর চাপবে না। কিন্তু এটা যদি তারা ভালো ভালোই না মানে তাহলে এক দফার পাথরের নিচে পৃষ্ঠ হয়ে যাবেন। 

‘আমরা চাইনা দেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমাদের প্রতিটি লংমার্চ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি জনগণের অধিকার কে পায়ের নিচে ফেলে দেওয়া হয় তাহলে বিরোধীদল বসে বসে আঙুল চুষবে না। তখন আমাদের সাত দফা যেকোনো সময় এক দফা রূপান্তরিত হবে। এক দফার কথা শুনলে কলিজা কাঁপে? কিন্তু আমরা কলিজা কাঁপাতে চাই না। ভালোই ভালোই মেনে নেন।’

ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, ‘সরকার যদি আমাদের গণভোটের গণরায় মেনে নেন তাহলে পরবর্তীতে আর লং মার্চের ডাক আমরা দেবো না। কিন্তু যদি গণভোটের গণরায় না মানার অবস্থানে-ই জিদ ধরে বসে থাকেন তাহলে আজকে ঢাকা থেকে এসেছি ঝিনাইদহে কালকে আপনাদেরকে আহ্বান জানাবো এখান থেকে আপনারা চলে আসবেন ঢাকায়।’

লং মার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই এ দেশকে তারা একদলীয় এবং বাকশালী শাসনে নিয়ে এসেছে।’

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে লংমার্চের বহর রাত দশটার দিকে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করে। 

প্রতিনিধি/এএম