জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৬, ০৭:১১ এএম
বাংলাদেশ পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেফতার এবং মাদক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।
পোস্টে শফিকুর রহমান লেখেন, স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
তিনি আরও লেখেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাস-বিদ্যুতের সমস্যাও রয়েছে। এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।
পোস্টের শেষাংশে জামায়াত আমির লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদেরকে আরেকবার জাগতে হবে।’
টিএই/এসআই