জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
কুমিল্লা মহানগরী শাখার সংগঠন ও ইমারাত ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১৪ অক্টোবর মহানগরী জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে সংগঠনটির কার্যক্রম পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব পালন করবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
গত ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে গঠিত দুই সদস্যের কমিটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াত আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
টিএই/এএম