নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্লিপ্ততা ও অপরাধীদের প্রতি প্রশ্রয়মূলক আচরণের কারণে দেশে মব সন্ত্রাসের মাধ্যমে হত্যাকাণ্ডের নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। সাতক্ষীরায় ‘কথিত’ ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি করেছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন হাসনাত কাইয়ূম। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে হাসনাত কাইয়ূম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর অব্যাহত নির্লিপ্ততা এবং অপরাধীদের প্রতি প্রশ্রয়মূলক আচরণের কারণেই আজ দেশে মব কিলিংয়ের মাধ্যমে খুনের এক সুরক্ষিত পরিবেশ তৈরি হয়েছে। একের পর এক মব সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও প্রশাসনের নির্বিকার ভূমিকা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।’
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘কথিত ধর্ম অবমাননার অভিযোগে একজন মানুষকে পুলিশ ও চিকিৎসকদের সামনে থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ’
তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে লাইভ করে লোক জড়ো করে একজন নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের হেফাজত ও হাসপাতালের মতো সংবেদনশীল স্থান থেকে একজন মুমূর্ষু মানুষকে ছিনিয়ে নেওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা এবং মব সন্ত্রাসে সরকারি প্রশ্রয়ের নজির।
হাসনাত কাইয়ূম বলেন, এ ধরনের উন্মত্ততা ও নৈরাজ্য চলতে থাকলে রাষ্ট্রের অস্তিত্ব এবং মৌলিক কাঠামোগত ভিত্তি হুমকির মুখে পড়বে। একই সঙ্গে এসব ঘটনার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, মব সন্ত্রাস ও বিচারহীনতার কারণে বিশ্বদরবারে বাংলাদেশ একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিত হওয়ার ঝুঁকিতে পড়ছে। নাগরিকদের জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন না।
এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে পদ থেকে অপসারণের দাবি জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, ফেসবুকে লাইভ করে লোক জড়ো করা ব্যক্তি এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে সাতক্ষীরার এ হত্যাকাণ্ডসহ দেশজুড়ে মব সন্ত্রাস, বিচারহীনতা ও নৈরাজ্যের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
এমএইচ/এসআই