জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর লংমার্চে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ঘটনায় আহত দুই নেতার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন দলটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সয়দাবাদ এলাকায় লংমার্চে অংশগ্রহণকারী জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা এবং নেতা আব্দুস সবুর ও নুরুন্নবীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা নিন্দনীয় ও অগণতান্ত্রিক। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের গাড়িবহর সয়দাবাদ এলাকা অতিক্রম করার পর জামায়াত নেতা আব্দুস সবুর জোহরের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। অপর নেতা নুরুন্নবীও হামলায় আহত হয়েছেন।’
বিবৃতিতে বলা হয়, আব্দুস সবুরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে মতের ভিন্নতার কারণে কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া, হামলা চালানো বা রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর শারীরিক আক্রমণ করা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ করা জনগণের গণতান্ত্রিক অধিকার। দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
বিবৃতিতে সিরাজগঞ্জের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে হামলাকারীরা যেন আইনের আওতা থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
টিএই/এএম