জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংস করেছে তাদের পরিণতি ইতিহাসে লেখা রয়েছে।
তিনি বলেন, তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন। তিনি কি হেলিকপ্টার করে পালিয়ে দেশ থেকে যাবেন নাকি সম্মানের সঙ্গে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন সেটা তাকেই ঠিক করতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা জানি এরশাদও অনেক সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বেছে নিতে হবে।
এনসিপির আহ্বায়ক বলেন, বিগত ১৬ বছর আমরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু এই বিএনপি এখন সরকারে এসে নিজেরাই জনগণের মানবাধিকার হরণ করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের সময় জনগণের অধিকার হরণে যেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে বর্তমান সরকারও একই আইন ও প্রতিষ্ঠান ব্যবহার শুরু করেছে।
লং মার্চের পথে ১১ দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, গতরাত থেকে লং মার্চের রুটের বিভিন্ন স্থানে ১১ দলের ব্যানার-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনের লোকজনও যুক্ত।
তিনি আরও বলেন, দফা বাড়ছে কিন্তু আমরা জানি সব দফা কোথায় এসে থাকবে এক দফায়। সে জন্য প্রস্তুত হন।
যত বাধাই আসুক, শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করার প্রত্যয় ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, ইনশাআল্লাহ আমরা যত বাধাই হোক, শান্তিপূর্ণভাবে আজকের এই লংমার্চ সফল করবো। রংপুরে দেখা হবে।
/এএস




