নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাস। পেছন থেকে একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন হেফাজত আমির ও তার সফরসঙ্গীরা। দুর্ঘটনায় তাদের কেউ আহত হননি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নোয়াখালীর একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হন আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী। বারইয়ারহাট এলাকায় পৌঁছালে তাকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের কাচসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা হেফাজত আমির ও তার সফরসঙ্গীদের কেউ আহত হননি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় হেফাজত নেতারা ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশে পাঠানো হয়।
আরও পড়ুন
দেশকে এগিয়ে নিতে হেফাজতকে পাশে চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরদিন সরকারকে হুঁশিয়ারি দিলো হেফাজত!
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হুজুরের কোনো সমস্যা হয়নি। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। পরে অন্য একটি গাড়িতে করে তাকে নোয়াখালী পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা বিভিন্ন মাধ্যমে তার খোঁজখবর নেন। পরে তিনি নিরাপদে নোয়াখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়।
বারইয়ারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নোমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বাস মালিকের কাছ থেকে জরিমানাও আদায় করা হয়েছে।
জেবি