নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে গত দুই বছর ধরেই। শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের হাল কে ধরতে পারেন সেটা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এর মধ্যেই আওয়ামী লীগ সভাপতি নিজেই জানালেন তার অনুপস্থিতিতে কে দলের হাল ধরবেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম দলের হাল ধরবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা।
রোববার (৬ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এমন ইঙ্গিত দিয়েছেন।
সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমানে শেখ সেলিম দলের ‘সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য’। তার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।
দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ: আল-জাজিরা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম শেখ হাসিনার নিকটাত্মীয় ও দলের গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে পরিচিত। শেখ হাসিনার এই বক্তব্যের ফলে তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বের সম্ভাব্য কাঠামো সম্পর্কে একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে দলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতায় শেখ সেলিমের নেতৃত্ব কীভাবে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্নও রয়েছে। কারণ, ৫ আগস্টের পর আওয়ামী লীগের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম অনেকটাই বাধাগ্রস্ত। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নানা সীমাবদ্ধতার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেছেন শেখ হাসিনা।
সাক্ষাৎকারে শেখ হাসিনা আবারও আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ডিসেম্বরকে তিনি ইচ্ছা করেই বেছে নিয়েছেন, কারণ এটি বাংলাদেশের বিজয়ের মাস।
দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। দেশে মানুষ কষ্ট পাচ্ছে দাবি করে তিনি বলেন, তাদের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরতে চান।
তবে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে হত্যার আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। তার ভাষ্য, নিজের ফেরার কারণে অন্য কাউকে বিপদের মধ্যে ফেলতে চান না।
জেবি