জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
বিরোধী দলীয় নেতা সংসদে কথা বলতে চাইলেও স্পিকার তাকে সেই সুযোগ না দিয়ে উল্টো মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পিকারের এমন আচরণকে পক্ষপাতমূলক ও চরম হতাশাজনক বলে মন্তব্য করেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ সময় বিরোধী দলের নেতারা দিনটিকে সংসদের জন্য ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেন।
নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলীয় নেতা সংসদে কথা বলতে চাইলেও স্পিকার তাকে কথা বলার সুযোগ দেননি। বরং উল্টো মশকরা করেছেন। স্পিকারের এ ধরনের পক্ষপাতমূলক আচরণ অত্যন্ত হতাশাজনক।
বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, বিরোধী দলের মতামতের কোনো তোয়াক্কা না করে সরকার তড়িঘড়ি করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ সংসদে উত্থাপন ও পাস করেছে। এসব বিলে স্বাধীনভাবে তদন্ত করার ন্যূনতম সুযোগও রাখা হয়নি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল’কে কোরআন ও সুন্নাহবিরোধী বলে আখ্যায়িত করেন। তিনি আইনমন্ত্রীর সমালোচনা করে বলেন, ইসলামের কোনো ধারণা না রেখেই বিষয়টি সংসদে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
নজিবুর রহমান বলেন, স্পিকারের প্রধান দায়িত্ব ছিল ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু তিনি তা পালনে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে সরকার মানবাধিকার ও গুম প্রতিরোধের আইনকে শক্তিশালী করার পরিবর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আরও দুর্বল করে সংসদে পাস করেছে।
এই আইনকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে জনগণের মানবাধিকার হরণ করা হয়েছে এবং ভবিষ্যতে গুম ও খুনের নতুন সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। ১৭ বছরের সীমাহীন নির্যাতনের কথা ভুলে গিয়ে সরকার আবারো পুরোনো নিয়মেই দেশ পরিচালনা করছে।
টিএই/এফএ