Dhaka Mail Logo

রাজনীতি

জনপ্রিয় সরকারের কাছ থেকে জনগণ কোনো অজুহাত শুনতে চায় না: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম

জনজীবনের জরুরি সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, ‘নির্বাচিত জনপ্রিয় সরকারের কাছ থেকে জনগণ এখন আর কোনো অজুহাত শুনতে চায় না। মানুষের জানমাল ও জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।’

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। এতে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার যুব প্রতিনিধিরা অংশ নেন।

সাইফুল হক বলেন, ‘সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেছে। এখন জনজীবনের জরুরি সংকট নিরসনে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় মানুষ। বিশেষ করে অসহনীয় বেকারত্ব দ্রুত কমানো না গেলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে। দেশের বিপুল যুবশক্তির সম্ভাবনাকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।’

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ না করার বিষয়ে সরকারের ঘোষণাকে তিনি স্বাগত জানান। তবে কেবল ভারতের ক্ষেত্রেই নয়, সব পরাশক্তির সঙ্গে জাতীয় মর্যাদা ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। বাংলাদেশ ভারতের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে এ সম্পর্ক জোরদার করতে হলে বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও অপতৎপরতা বন্ধ করতে হবে।’

জ্বালানি খাত নিয়ে সাইফুল হক বলেন, ‘তেল, গ্যাস ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল খাতকে কোনোভাবেই অতিরিক্ত বিদেশনির্ভর রাখা উচিত নয়। জাতীয় স্বাবলম্বিতার নীতি অনুসরণ করে দেশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সমুদ্র ও স্থলভাগে থাকা নিজস্ব জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে।’

এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সাইফুল হক বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় এখনও মানুষ হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যে পরিবর্তন প্রত্যাশা করছে, নির্বাচিত সরকারকে বাস্তব কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে। আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক শক্তি যেন আবার জনগণের ধৈর্যের পরীক্ষা নেওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, ‘দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে সাহসের সঙ্গে প্রতিবাদ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুব সংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

যুবনেতা তুহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী ও আকবর খান, যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক আউয়াল মাহমুদ এবং ঢাকা উত্তরের যুব সংগঠক ইব্রাহিম হোসেন রনি।

এম/এএম