Dhaka Mail Logo

রাজনীতি

কারাবাস ও সাংগঠনিক ক্ষতির কথা তুলে ধরে নিবন্ধন চায় বিজেপি

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম

কারাবাস ও সাংগঠনিক ক্ষতির কথা তুলে ধরে ইসির নিবন্ধনের বিষয়টি পুনরায় পর্যালোচনার আবেদন জানিয়েছে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)।

রোববার (২৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এই আবেদন করেন দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।

মিঠুন চৌধুরী জানান, বাংলাদেশ জনতা পার্টির নিবন্ধনের জন্য এরআগে একাধিকবার আবেদন ও প্রয়োজনীয় দলীয়-সাংগঠনিক নথিপত্র জমা দেওয়া হয়েছিল।  ২০২৫ সালের ১৯ মার্চ এক স্মারকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথা জানানো হয়। তবে ওই সিদ্ধান্তের প্রতি সম্মান রেখেই বর্তমান বাস্তবতা ও বিশেষ পরিস্থিতির আলোকে বিষয়টি পুনরায় পর্যালোচনার আবেদন করা হয়েছে।

মিঠুন চৌধুরী আবেদনে দাবি করেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন রাজনৈতিক ও আইনগত প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বহু মামলা করা হয় এবং এসব মামলায় তাকে বিনা বিচারে প্রায় পাঁচ বছর কারাগারে থাকতে হয়েছে। দীর্ঘ কারাবাস ও মামলার কারণে তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।’

আবেদনে তিনি আরও বলেন, ‘তার রাজনৈতিক ও দলীয় কার্যালয় তছনছ করে দেওয়া হয় এবং বিভিন্ন সাংগঠনিক নথি ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। মামলা থেকে মুক্তির পরও বিভিন্ন ধরনের চাপ ও প্রতিকূলতার কারণে স্বাভাবিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এমনকি পুনরায় গ্রেফতার এড়াতে দীর্ঘদিন দেশের বাইরে আত্মগোপনে থাকতে হয়।’

মিঠুন চৌধুরী বলেন, রাজনৈতিক হয়রানি ও কারাবাসের বিভিন্ন ঘটনা সে সময় বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে সংবাদ ও ছবিসহ প্রকাশিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিয়ে যাওয়ার ছবি এবং সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদনও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। 

‘এসব সংবাদপত্রের প্রতিবেদন ও ছবির কপি আবেদনের সঙ্গে সহায়ক নথি হিসেবে সংযুক্ত করা হয়েছে’, যোগ করেন তিনি।

এ অবস্থায় বাংলাদেশ জনতা পার্টির নিবন্ধনের বিষয়টি নথিপত্রসহ পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনের সদয় বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে আবেদনে।

এমএইচএইচ/এএম