Dhaka Mail Logo

রাজনীতি

গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে যুব সমাজকে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম

চব্বিশের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে দেশের যুব সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

সাইফুল হক বলেন, ‘দেশের কোটি কোটি যুবশক্তির আকাঙ্খা ধারণ ও দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক পুনর্গঠনে এই বিশাল শক্তিকে কাজে লাগাতে সরকারকে সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করতে হবে।’

এসময় পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করার সিদ্ধান্তকে দূরদর্শী ও প্রজ্ঞার পরিচয় হিসাবে আখ্যায়িত করেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের স্টান্ডিং কমিটি এই মনোনয়নের মধ্য দিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।’

তবে রাষ্ট্রপতি মনোনয়নে বিএনপি জোটের নেতাদের সঙ্গে আলোচনা না করায় আক্ষেপও করেন সাইফুল হক।

Saiful_Haque
বিপ্লবী যুব সংহতির মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক

তিনি বলেন, ‘দলের প্রার্থী মনোনয়ন পর্বে এ সম্পর্কে যুগপৎ আন্দোলনের শরীক দলগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করে নিলে ভালো হত। যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরীকদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও এই ব্যাপারে পরামর্শ করে নেওয়াটা তাৎপর্যপূর্ণ হত।’

বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠক তুহিন রহমানের সভাপতিত্বে সভায় পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আউয়াল মাহমুদ, সদস্যসচিব মীর রেজাউল আলম, মো. ইব্রাহিম হোসেন রনি, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, মো. ফেরদৌস, মনির হোসেন, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম রনি, শ্যামল ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এএম