Dhaka Mail Logo

রাজনীতি

বাসযোগ্য ঢাকা গড়তে সিপিবির ১৬ দফা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

বাসযোগ্য ঢাকা গড়তে ১৬ দফা সুপারিশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখা।

শুক্রবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘সবার জন্য মানবিক মর্যাদাপূর্ণ ও বাসযোগ্য ঢাকা চাই’ শীর্ষক সেমিনারে এসব সুপারিশ করা হয়।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর দীর্ঘ ৫৫ বছর ধরে ঢাকা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে ঢাকার ইতিহাস বাংলাদেশের জন্মের চেয়েও বহু পুরোনো। প্রায় চারশো বছরের ইতিহাসে সুলতানি, মুঘল ও ঔপনিবেশিক আমলের নানা ঐতিহাসিক ঘটনা, স্থাপত্য, ঐতিহ্য, সংস্কৃতি ও লড়াই-সংগ্রামের স্মৃতি ধারণ করে আছে এই নগরী। কিন্তু ঐতিহাসিক সেই ঢাকা বর্তমানে নাগরিকদের জন্য ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।

সভায় সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর লিখিত বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিনের প্রশাসনিক সমন্বয়হীনতা, অপরিকল্পিত নগরায়ণ, দুর্নীতি ও জবাবদিহিতার অভাবে নাগরিক জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে।’

সিপিবির ঢাকা মহানগর উত্তরের নেতারা বলেন, ঢাকাকে শুধু অবকাঠামো ও মেগা প্রকল্পের শহর হিসেবে নয়, নাগরিকের অধিকার, নিরাপত্তা, পরিবেশ, সেবা ও মানবিক মর্যাদাকে কেন্দ্র করে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিক সুবিধাকে কোনো অনুগ্রহ নয়, বরং মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করেই একটি বাসযোগ্য, জনবান্ধব ও সমতাভিত্তিক ঢাকা নির্মাণ সম্ভব।

সেমিনারে উপস্থাপিত ১৬ দফা সুপারিশের মধ্য রয়েছে- বৈষম্যহীন মানবিক নগর গঠন, নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট নিরসন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা এবং পুনর্বাসন ছাড়া বস্তিবাসী ও হকারদের উচ্ছেদ না করা। এছাড়া মেয়রের নেতৃত্বে একক সিটি গভর্নেন্স প্রতিষ্ঠা, ঢাকার ওপর চাপ কমাতে শিক্ষা-চিকিৎসা-কর্মসংস্থান বিকেন্দ্রীকরণ, প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু, কৃষক বাজার প্রতিষ্ঠা, দখল হওয়া মাঠ-পার্ক-জলাধার উদ্ধার এবং নগর বনায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নদী ও খাল দখলমুক্ত করে প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা সচল করা, বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর আইন প্রয়োগ, বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন, নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন নিশ্চিত করা এবং পথচারীদের জন্য নিরাপদ ফুটপাত তৈরির সুপারিশও করা হয়েছে। পাশাপাশি রাজউকের ড্যাপ কঠোরভাবে অনুসরণ, ভবন নির্মাণ ও ভূমি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে নগর পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা বলছে।

এম/এএম