নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম
বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামারা। তারা বলেছেন, বর্তমান সময়ে নানামুখী বিভ্রান্তি, ভ্রান্ত মতবাদ ও অপসংস্কৃতির আগ্রাসনের মধ্যে কুরআন-সুন্নাহভিত্তিক সহিহ আকিদার শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়া সময়ের অপরিহার্য দাবি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ আয়োজিত ‘উম্মতের বিশুদ্ধ আকিদার হেফাজত ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বাসেত খান। সঞ্চালক ছিলেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল।
সভায় বক্তব্য দেন কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক,
মাওলানা রশিদ আহমদ শিব্বির, মাওলানা লিয়াকত আলী, মুফতি মুনীর কাসেমী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাখাওয়াত হুসাইন রাযী, মুফতি মুর্তজা হাসান ফয়েজি মাসুম, মুফতি মোহাম্মদুল্লাহ এমপি, মুফতি সালাহউদ্দিন, মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা আলী হাসান তৈয়ব,
মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা আলী আজম, মুফতি আহমদ আলী, মুফতি আবদুর রাজ্জাক কাসেমী, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি মাহমুদুল হাসান আশরাফী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, মুফতি দিলাওয়ার হুসাইন মাইজী ও মুফতি সাইফুল্লাহ হাবীবীসহ অনেকে।
বক্তারা বলেন, মুসলিম উম্মাহর ঈমান ও আকিদার বিশুদ্ধতা রক্ষা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিভিন্ন ভ্রান্ত মতবাদ, বিভ্রান্তিকর চিন্তাধারা এবং অপসংস্কৃতির প্রভাবে সমাজে আকিদাগত সংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে কুরআন-সুন্নাহ ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসৃত সহিহ আকিদা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তারা বলেন, ঈমান-আকিদার বিশুদ্ধতা রক্ষা, ইসলামের মৌলিক শিক্ষা প্রচার এবং ভ্রান্ত চিন্তাধারার অপপ্রচার প্রতিরোধে নিয়মিত দাওয়াতি কার্যক্রম, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। একইসঙ্গে আলেম-উলামা, খতিব, ওয়ায়েজ ও দ্বীনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বাসেত খান বলেন, বিশুদ্ধ আকিদাই একজন মুমিনের ঈমান, আমল ও চরিত্রের ভিত্তি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণের জন্য বিশুদ্ধ আকিদা অপরিহার্য। তিনি বলেন, সবাইকে আকিদাগত বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে এবং কুরআন-সুন্নাহ ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা দৃঢ়ভাবে ধারণ ও প্রচার করতে হবে।
আলোচনা সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত আলেম-উলামা, ওয়ায়েজ ও দ্বীনি ব্যক্তিত্ব অংশ নেন। অনুষ্ঠানে উম্মতের আকিদা সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সহিহ ইসলামী শিক্ষা বিস্তারে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি দিলাওয়ার আশরাফী, মুফতি আফজাল হুসাইন, কারী শহীদুল ইসলাম, মুফতি মুয়াবিয়া আল হাবিবী, মুফতি শফিকুল ইসলাম কাসেমী, মাওলানা মুর্শিদ সিদ্দিকী ও মুফতি আল আবিদ শাকির প্রমুখ।
এমআর/ক.ম