বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘ঐক্যবদ্ধ হয়ে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২২, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

‘ঐক্যবদ্ধ হয়ে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে হবে’

আলেম-ওলামাদের চরিত্র হনন মূলত রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধেই ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি বলেছেন, সমাজে অবস্থিত ষড়যন্ত্রকারীরা আলেমদের ছোট করে রাষ্ট্রে বিভক্তি সৃষ্টি করতে চায়। দেশের আলেমদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

রোববার (২৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ বিপু মিলনায়তনে জাতীয় জনতা ফেরাম আয়োজিত ‘এক হাজার মাদ্রাসা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে মিথ্যা বানোয়াট (দুদকে) তথাকথিত গণকমিশনের রিপোর্টের বৈধতা চ্যালেঞ্জ- গণকমিশনের সাম্প্রদায়িক উস্কানি: কোন পথে বাংলাদেশ" শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, দেশপ্রেমিক শক্তি মজলুমের বন্ধু। আজকে স্বৈরাচারি সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে ষড়যন্ত্র করছে তার অংশ হিসাবেই দেশের প্রখ্যাত আলেম-উলামাদের চরিত্র হননের জন্যই ১১৬ জনের নামে অপপ্রচার চালাচ্ছে।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক বলেন, আলেম-ওলামাদের চরিত্র হনন মূলত রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধেই ষড়যন্ত্র। সবাইকে দেশের আলেমদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে।

রেজা কিবরিয়া বলেন, আলেম-ওলামাদের ধর্ম ব্যবসায়ী ও অর্থপাচারকারী হিসাবে চিহ্নিত করে ষড়যন্ত্রকারীরা প্রকৃত দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের আড়াল করতে চায়। ১১৬ জন আলেমের চরিত্র হনন যারা করছে তাদের সহ দুর্নীতিবাজ, সমাজের ক্ষত ৫১১ জনের তালিকা প্রণয়ন করে জনগণের সামনে উপস্থাপন করা উচিত।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ড. মো. ইউনুসকে নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক বলেন, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য জাতিকে লজ্জিত করে, আতংকিত করে।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসূফী বলেন, দেশের প্রকৃত সংকট আড়াল করতেই আলেমদের এই তালিকা প্রণয়ন করা হয়েছে। মনে রাখতে হবে আলেমদের চরিত্র হনন করে দুর্নীতিাবাজ, লুটেরাদের শেষ রক্ষা হবে না।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বলেন, প্রকৃত দুর্নীতিবাজ, লুটেরাদের আড়াল করতে আলেমদের চরিত্র যারা হনন করছেন তারাও দুর্নীতিবাজদের সঙ্গী। দুর্নীতিবাজদের লেজুড়বৃত্তি করে জাতির মুক্তি আসবে না। এক লুটেরার পরিবর্তে আরেক লুটেরা যাতে ক্ষমতায় বসতে না পারে সেজন্য দেশপ্রেমিক শক্তির ঐক্য প্রয়োজন।

এবি পার্টির সদস্য সচিব মো. মজিবুর রহমান মঞ্জু বলেন, এই মুহুর্তে দেশ বাঁচানোর জন্য একটা দেশপ্রেমিক সরকার প্রয়োজন। 'বাংলাদেশ আলো নাকি অন্ধকার পথে হাঁটবে' তার সিদ্ধান্ত নিতে হবে রাজনীতিকদের। পথভ্রষ্ট এক দল এই তালিকা প্রণয়নের মাধ্যমে প্রকৃত অর্থে আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধ বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করতে হবে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে। আর যারা তাদের দালাল হয়ে এদেশে কাজ করছেন আমাদের তাদের চিহ্নিত করতে হবে। যারা ইসলাম, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আলেম-ওলামাদের বিপক্ষে গিয়ে পক্ষপাতিত্ব করছেন তাদের প্রতিরোধ করতে আলেম উলামা ও দেশপ্রেমিক শক্তির ঐক্য প্রয়োজন।

সভাপতির বক্তব্যে কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, এক আল্লাহ, এক রাসূল ও এক কোরআনের ভিত্তিতেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জাতির কল্যাণে ঐক্যের কোনো বিকল্প নাই।

সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠক মো. মঞ্জু হোসেন ঈসার সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন ইসলামি কালচারাল ফোরামের সেক্রেটারি জেনারেল মাওলানা নাজমুল হক, মাদানি কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, জাতীয় জনতা ফেরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, মহাসচিব কবি এনামুল হক কাফী প্রমুখ।

টিএই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর