জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ মে ২০২৬, ০৯:২০ পিএম
‘গরিব মারার বাজেট জনগণ আর চায় না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ট্রেডিশনাল প্রক্রিয়ার বাজেট থেকে বেরিয়ে এসে জনবান্ধব বাজেট প্রণয়ন করতে হবে, যাতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং সব শ্রেণি-পেশার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, রাষ্ট্রীয় পরিকল্পনার অভাবে মানুষের দুর্ভোগ বাড়ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কোনো সরকার দীর্ঘমেয়াদি কার্যকর পরিকল্পনা নিতে পারেনি। ফলে দরিদ্র মানুষ আরও পিছিয়ে পড়ছে, আর ধনীরা আরও ধনী হচ্ছে।
তিনি বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বাস ও ট্রেনের অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে না পেরে অনেকেই মালবাহী ট্রাকে করে বাড়ি ফিরছেন। এতে দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনাও ঘটছে। অথচ জনগণের এই দুর্ভোগ কমাতে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত নেতা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। দলটি কর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সামাজিক কার্যক্রম পরিচালনা করছে এবং যে কোনো দুর্যোগ ও দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগের পরিবর্তে ধনীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে। তিনি ইসলামী ব্যাংক প্রসঙ্গ তুলে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেন, ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ নিরসনে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন চললেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সেক্রেটারি মো. মুজিবুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
টিএই/এআরএম