নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৬, ০৭:১৩ পিএম
রাজধানীর মতিঝিলের একটি হোটেলে থাকা নিজের অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এ কথা জানান এই জুলাই বিপ্লবী।
কিন্তু কেন হঠাৎ নিজের অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা করলেন পাটওয়ারী? এ সম্পর্কে তিনি জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাটওয়ারী বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।’
সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আহ্বানও জানিয়েছেন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।’
পোস্টের শেষে এক সতর্কবার্তায় তিনি লিখেছেন, ‘কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।’
এর আগে গত শুক্রবার ঝিনাইদহে এনসিপির একটি অনুষ্ঠানে গিয়ে ছাত্রদলের হামলার শিকার হন পাটওয়ারী। সেখানে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। পাশাপাশি হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহতও হন।
এ ঘটনায় এনসিপি ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা হয়। তবে আগাম জামিন নেন ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে এনসিপির দুজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন জামিন পেয়েছেন, অন্যজন কারাগারে।
এএইচ