images

রাজনীতি

পাটওয়ারীর ওপর হামলা নিয়ে এনসিপি-ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০২৬, ০৭:৫১ পিএম

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করে এনসিপি-ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। 

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট এলাকায় সংঘটিত এ ঘটনা নিয়ে স্যোশাল মিডিয়ায় বেশ ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে।  

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে তাঁর সমর্থকদের সঙ্গে হামলাকারীদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

আরও পড়ুন: ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। হামলায় তাঁর দলের কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, মসজিদ থেকে বের হওয়ার পথে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং হকিস্টিক দিয়ে মারধর করা হয়। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তাঁর দাবি, বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ তাঁর দিকে ডিম নিক্ষেপ করেছেন।

সাহেদ আহম্মেদ বলেন, তিনি মসজিদের বাইরে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় উত্তেজিত ছাত্রজনতা তাঁর দিকে ডিম নিক্ষেপ করে। এতে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

আরও পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

হামলার পর এনসিপির নেতা সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছেন।

ঝিনাইদহের স্থানীয় সাংবাদিক শাহরিয়ার রহমান রকি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে গিয়েছিলেন। নামাজের আগে থেকেই পুরাতন ডিসি কোর্ট মসজিদ এলাকায় দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছিল। একপর্যায়ে স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শামীম হায়দার খান বলেন, নামাজের পর মসজিদের ফটকে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে যান ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। কথা বলার একপর্যায়ে ভিড়ের মধ্য থেকে হঠাৎ ডিম নিক্ষেপ করা হয়।

ঘটনার পর ঝিনাইদহ শহরে উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতারা থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআর