images

রাজনীতি

হেফাজতে বিভক্তি নয়, ঐক্য সময়ের দাবি: আবদুর রব ইউসুফী

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৬, ০৭:৩১ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে বিভক্তি সংগঠনটির জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। তিনি বলেছেন, বিভক্তির পরিবর্তে ঐক্যই এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার (২১ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর হাতে গড়া একটি দীনি সংগঠন। দীনের বৃহত্তর স্বার্থে প্রতিষ্ঠিত এ সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টি হলে তা সংগঠনের শক্তিকে দুর্বল করবে এবং লক্ষ্য অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরি করবে।’

তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত ব্যক্তিদের মধ্যে বিভাজন তৈরি হলে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হবে। বর্তমানে হেফাজত একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা ইউসুফী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটি প্রায় ব্যর্থ প্রতিষ্ঠানে রূপ নিয়েছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়েও কার্যকর কর্মসূচির পরিবর্তে ‘ফটোসেশনকেন্দ্রিক’ তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।’

তিনি বলেন, ‘হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা থাকলে নিয়মতান্ত্রিকভাবে কমিটি পুনর্গঠন করে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের দায়িত্বে আনা প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের দাবিগুলো আদায়ে সুস্পষ্ট কর্মপন্থা নির্ধারণ করাও সময়ের দাবি।’

বিবৃতির শেষে তিনি আশা প্রকাশ করেন, হেফাজতে ইসলাম যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হয়।

এমআর/এমআই