Dhaka Mail Logo

রাজনীতি

এবিএম রুহুল আমিন হাওলাদার সিসিইউতে

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৬, ০৫:২৬ পিএম

জাতীয় পার্টি (একাংশ) মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (২১ মে) দলের দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল আমিন হাওলাদার গত মঙ্গলবার অসুস্থতা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে তার উচ্চরক্তচাপ ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাকে বিশ্রামের জন্য বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেন।

কিন্তু বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আবার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে সিসিইউতে ভর্তি করেন।

ডা. এন এ এম মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাজ্জাক খান জানান, রুহুল আমিন হাওলাদারের বৃহস্পতিবার বিকেলে এনজিওগ্রাম করা হবে।

এদিকে হাওলাদারের দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তার স্ত্রী বেগম নাসরিন জাহান রত্না। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী এবং বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য।

এমআই