images

রাজনীতি

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

১৫ মে ২০২৬, ০৩:৩১ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন উগ্র হিন্দুত্ববাদের বহিঃপ্রকাশ। তিনি বলেন, মুসলিম নির্যাতন বন্ধ এবং পশু কোরবানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার (১৫ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, ইসলাম শান্তির ধর্ম। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় বিধিবিধান পালন করে আসছে। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানরা নিজেদের দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছে। মুসলিম নির্যাতন এখন দিনের আলোর মতো স্পষ্ট এবং এটি উগ্র হিন্দুত্ববাদেরই বহিঃপ্রকাশ।

তিনি আরো বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকত্ব বাতিলসহ মুসলিমবিরোধী নানা কর্মকাণ্ড বেড়েছে। ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। এমনকি মসজিদে নামাজ আদায়েও বাধা দেওয়া হচ্ছে।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, মানবতাবিরোধী এসব কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের নেতাদের এসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। ইসলামী সহযোগিতা সংস্থার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ভারতে মুসলিম নির্যাতন বন্ধে বাস্তব উদ্যোগ নেওয়ার দাবি জানাই।

নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ।

এমআর/এফএ