Dhaka Mail Logo

রাজনীতি

আইনি লড়াই চালিয়ে যাবেন মনিরা শারমিন, এমপি হওয়া নয় মূল লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

০৪ মে ২০২৬, ০১:৫৬ পিএম

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট শুনানিকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি জানান, সংসদ সদস্য হওয়া নয়, বরং আইনের অসঙ্গতি দূর করে শিক্ষিত তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের পথ সহজ করাই তার মূল লক্ষ্য।

সোমবার (৪ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নিজের ফেসবুক ওয়ালে লেখেন, নুসরাত আমার সহযোদ্ধা। ক্যাম্পাসের কঠিন সময়ে ছাত্রলীগের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে এবং আন্দোলনের সময় রাজপথে ছিল। তার জন্য আমার শুভকামনা থাকবে।

মনিরা শারমিন আরো লেখেন, সংসদে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আইনের স্পষ্টতা নিশ্চিত করা। এই আইনি লড়াই সফল হলে ভবিষ্যতে অনেক শিক্ষিত তরুণ রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, আমি একজন রাজনীতিবিদ। অসঙ্গতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আমার দায়িত্ব। এই লড়াই যদি একজন তরুণকেও অনুপ্রাণিত করে, সেটাই হবে আমার সার্থকতা।

শিক্ষিত তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্যারিয়ার ত্যাগ করে হলেও দেশ গড়ার কাজে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। রাজনীতি যেন চাঁদাবাজি বা ধান্দাবাজির জায়গা না হয়ে ত্যাগের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেটিই তার এই লড়াইয়ের উদ্দেশ্য।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি আজ শুনানির জন্য আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এমআর/এফএ