images

রাজনীতি

মির্জা ফখরুলকে লেবার পার্টি চেয়ারম্যানের খোলা চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। রোববার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো ওই চিঠিতে তিনি বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

চিঠিতে ডা. ইরান বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বক্তব্যে ‘জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল’ করার যে অবস্থান তুলে ধরা হয়েছে, তা আমাকে বিস্মিত করেছে।

তিনি উল্লেখ করেন, মির্জা ফখরুলের ভাষা ও রাজনৈতিক অভিজ্ঞতা তাকে আলাদা মর্যাদা দিয়েছে এবং তার নেতৃত্বে বিএনপি জোট আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে পেরেছে।

তিনি আরো বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় ‘নির্মূলের রাজনীতি’ পরিহার করা উচিত। অতীতের উদাহরণ টেনে তিনি দাবি করেন, একদলীয় রাজনীতির চেষ্টা দীর্ঘমেয়াদে টেকসই হয়নি এবং গণতান্ত্রিক ধারাই শেষ পর্যন্ত টিকে থাকে।

ডা. ইরান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক দলের আস্থা অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপির বর্তমান নেতৃত্বের কাছ থেকে ভিন্নধর্মী রাজনৈতিক আচরণ প্রত্যাশা করি।

চিঠিতে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষকে ‘নির্মূল’ করার চিন্তা অতীতে ব্যর্থ হয়েছে এবং এর ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তিনি বর্তমান নেতৃত্বকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

লেবার পার্টির চেয়ারম্যান আরো বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে জোটে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে আমাদের দল এবং নানা নির্যাতনের শিকার হয়েছে। সেই প্রেক্ষাপটে তিনি ঐক্যবদ্ধ রাজনৈতিক পথচলার ওপর জোর দেন।

চিঠির শেষাংশে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। বিভাজনের বদলে ঐক্যের রাজনীতি জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও ‘নির্মূল’ নয়, বরং সহাবস্থানের মধ্য দিয়েই গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব।

টিএই/এফএ