নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, এ রেলপথ চালু হলে দূরত্ব ও সময় কমবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আজ অধিবেশন অনুষ্ঠিত হয়।
আখতার হোসেন বলেন, আমরা উত্তরাঞ্চলের মানুষ নানা দিক দিয়ে বৈষম্যের শিকার হচ্ছি, নানা কারণে ভোগান্তির শিকার হচ্ছি। গোটা উত্তরাঞ্চল নানা দিক দিয়ে পিছিয়ে আছে।
তিনি আরো বলেন, আমরা যারা রংপুর বিভাগের মানুষ আছি তারা যদি ঢাকার সঙ্গে যোগাযোগ করতে চাই; তবে অতিরিক্ত চার ঘণ্টা রেলে বসে থাকতে হবে। আমরা যদি ঢাকা থেকে রওনা করি তবে সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি যেতে পারি না। আমরা যদি বগুড়াও যেতে চাই; তবে নওগাঁ, নাটোর, পাবনা ঘুরে যেতে হয়।
তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সরাসরি রেলপথ নির্মাণ হলে পথ আরো কমে আসবে। তাই সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি রেলপথ নির্মাণ জরুরি।
এমএইচএইচ/এফএ