বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংসদে হাসনাত আব্দুল্লাহ

ট্যাক্স-ফ্রি নয়, ইউএনওদের মতো দায়িত্ব পালনের সুবিধার্থে গাড়ি চেয়েছি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

ট্যাক্স-ফ্রি নয়, ইউএনওদের মতো দায়িত্ব পালনের সুবিধার্থে গাড়ি চেয়েছি
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য গাড়ি সুবিধা চাওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 

তিনি বলেছেন, ট্যাক্স-ফ্রি গাড়ির দাবি তিনি তোলেননি; বরং স্থানীয় সরকার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মতো দায়িত্ব পালনের সুবিধার্থে সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (২২ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সরকারি ও বিরোধী দল একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে এমপিরা আর ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট নেবেন না। 

এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি আগের দিন বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন। তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য কর্মকর্তারা যেভাবে সরকারি কাজের জন্য গাড়ি ব্যবহার করেন, সংসদ সদস্যদের ক্ষেত্রেও একই ধরনের একটি ব্যবস্থার প্রস্তাব তিনি দিয়েছেন। 


বিজ্ঞাপন


এ ক্ষেত্রে গাড়িটি সরকারের মালিকানায় থাকবে এবং এমপি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়েই কেবল তা ব্যবহার করা যাবে; মেয়াদ শেষে গাড়িটি আবার সরকারকে ফেরত দিতে হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যদিও অনেকের নিজস্ব গাড়ি নেই। তাই বিদ্যমান এই ব্যয়ের মধ্যেই সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

তিনি জোর দিয়ে বলেন, ট্যাক্স-ফ্রি গাড়ি নেওয়ার বিষয়ে সংসদের সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে এবং সেটি থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। বরং এই সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান সংসদের সদস্যরা একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর