images

রাজনীতি

‘বিএনপি জোটসঙ্গীদের কথা না রাখলেও, আ.লীগকে ঠিকই মূল্যায়ন করেছে’

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম

বিএনপি তার জোটসঙ্গীদের কথা দিয়ে কথা না রাখলেও, আ.লীগকে ঠিকই মূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তার ক্যাপশনে তিনি একথা লিখেছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিএনপির সংরক্ষিত নারী আসনের যে চূড়ান্ত তালিকা, এটি ইতোমধ্যেই বিএনপির হাই কমান্ড থেকে প্রকাশ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে ৩৬ জনের তালিকা ইতোমধ্যেই গণমাধ্যমে এসেছে তার মধ্যে দেখা যাচ্ছে, একজন আওয়ামী লীগের জাঁদরেল নেত্রী ছিলেন গোপালগঞ্জের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর। এই আওয়ামী লীগের নেত্রীকে বিএনপি আজকে মনোনয়ন দিয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য ও লজ্জার বিষয় হলো, বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গীরা যারা বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুগপৎ আন্দোলন করেছেন, লড়াই-সংগ্রাম করেছেন তাদের বিএনপি মূল্যায়ন করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘এমনকি গণ-অধিকার পরিষদের সঙ্গে বিএনপির কমিটমেন্ট ছিল যে, বিএনপি সরকার গঠন করলে গণ-অধিকার পরিষদকে একটি নারী আসন দেওয়া হবে এবং উচ্চকক্ষে আসন দেওয়া হবে। সেই কমিটমেন্টও বিএনপি রক্ষা করেনি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার বিষয় সঙ্গীহীন বিএনপি কতদূর এগোবে, কতদূর যাবে, তা সময়ই বলে দেবে।’

ফারুক বলেন, ‘কিন্তু এটা আজকে একটি বড় আফসোসের জায়গা বিএনপি রাজনীতির ময়দানে রেখে গেল। এজন্যই বলা হয়, ‘গাঙ পার হলে মাঝি কোন দুলাভাই’-এই প্রবাদের বাস্তব প্রমাণ আজকে আমরা দেখলাম।’

ভিডিওর শেষের অংশে তিনি বলেন, ‘যাই হোক, বিএনপি যেহেতু ইতোমধ্যেই আওয়ামী লীগের নেত্রীদের মনোনয়ন দেওয়া শুরু করেছে, তাদের জন্য শুভকামনা। আগামীতে সময়ই বলে দেবে, রাজনীতি কোন পথে হাঁটবে।’

উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। সেখানে গোপালগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের নেত্রী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সুবর্ণা ঠাকুর।

এম/এমআই