নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম
দুবাইয়ে বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন শামীম ওসমান- ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্যের এমন একটি ভিডিও ফেসবুক পেইজ এবং ইউটিউবে আপলোড করে সেটিকে সাম্প্রতিক বলে দাবি করেছে দৈনিক যুগান্তর। যা রীতিমতো ভাইরাল।
রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা ৫০ মিনিটে পোস্ট করা ওই ভিডিওটি দেখে সাম্প্রতিক বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেও।
তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শামীম ওসমানের গাড়ি চালানোর ওই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, এটি ২০২৪ সালের জুলাইয়ের পুরনো ভিডিও।
অনুসন্ধানে শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমানের ফেসবুক পেজে ২০২৪ সালের ১৪ জুলাই তারিখে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়।
পাশাপাশি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৩ জুলাই তারিখে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। নিউইয়র্কে চেক ইন দেওয়া এই পোস্টে কিছু ছবি যুক্ত আছে।
এতে দেখা যায়, শামীম ওসমান ও অয়ন ওসমান একটি গাড়িতে বসে আছেন। ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের পোশাক ও গাড়ির সঙ্গে এই পোস্টের ছবিতে এসবের মিল রয়েছে। যার মানে, ভিডিওটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ধারণ করা।
অর্থাৎ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান সম্প্রতি দুবাইয়ে বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন- এমন দাবি করে দৈনিক যুগান্তরের প্রকাশিত ভিডিওটি বিভ্রান্তিকর বলে শনাক্ত হয়েছে।
এএইচ